জমি নিয়ে বিরোধের জেরে অস্ত্র দিয়ে আপন ভাইকে ফাঁসাতে গিয়ে র্যাবের হাতে আটক হয়েছেন এক দলীল লেখক। এসময় ১টি শটগান, ২টি পাইপগান, ৫ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (১২ মে) সকালে এ তথ্য জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মীর মোহাম্মদ ওরফে স্বপন (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক মীর মোহাম্মদ সদর উপজেলার মজলিশপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক কোম্পানি কমান্ডার এএসপি জুনায়েদ জাহেদী জানান, মীর মোহাম্মদ এর সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, জেলা সদরের ভূমি রেজিস্টার নতুন অফিসের পার্শ্বে নূরজাহান এন্টারপ্রাইজ এ কতিপয় ব্যক্তি অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সংবাদদাতা মীর মোহাম্মদের দেখানো মতে তার ভাই নজরুল ইসলামের নূরজাহান এন্টারপ্রাইজের সিলিংয়ের উপর থেকে ১টি শটগান, ২টি পাইপগান, ৫ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় উদ্ধারকৃত আলামতের বিষয়ে সংবাদদাতাকে জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের সে জানায়, তার ভাই নজরুল ইসলাম এর সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ থাকায় তাকে ফাঁসানোর জন্যই এই পরিকল্পনা করেন। ভাই নজরুল ইসলামের অনুপস্থিতে বিশেষ কৌশলে তিনি দোকানের সিলিং এর ওপর উদ্ধারকৃত অস্ত্রগুলো রেখে দেন।
গ্রেপ্তারকৃত আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি জুনায়েদ।